আহ্ দুর্নীতি—বাহ্ দুর্নীতি!


১ আগস্ট, ২০২৪ ২:৩২ : অপরাহ্ণ

অব্যাহত লোকসানের সাথে সমানতালে পাল্লা দিয়ে চলছে রেলের অনিয়ম। রেলের চাকার মতো এখানে ঘুরছে দুর্নীতির চাকাও। রোলিং স্টক, ওয়াগন, কোচ, লোকোমোটিভ ক্রয় ও সংগ্রহ, স্টেশন সিগনালিং ব্যবস্থার পুনর্বাসন ও আধুনিকায়ন, ডাবল লাইন, সিঙ্গেল লাইন, ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ, রেলওয়ের ভূমি অধিগ্রহণ, যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসন নিলামে যন্ত্রাংশ বিক্রয়, রেলওয়ের অধীনে ওয়ার্কশপগুলো ও সি্লপার ফ্যাক্টরি কার্যকর না করে আমদানির মাধ্যমে অনিয়ম হচ্ছে এখানে।

এছাড়া নিয়োগ এবং টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ তো রয়েছেই। যার কারণে লাভজনক থেকে ক্রমেই লোকসানি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে জনবান্ধব রেল। যা চলছে এখন পর্যন্ত। মূলত রেল বিভাগ থেকে উন্নীত করে পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার পরও বড় কর্তাদের লাগামহীন অনিয়ম-দুর্নীতির কারণে কোনোদিন লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি।

এদিকে দায়িত্ব অবহেলা ও অনিয়ম-দুর্নীতির কারণে রেলের অতিরিক্ত ডিজি পার্থ সরকারকে বরখাস্তের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার (৩১ জুলাই) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন এ বি এম ফজলে করিম চৌধুরী। কমিটির সদস্য মো. জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম শিমুল, শামীম ওসমান, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. শফিকুর রহমান ও মোছা. নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে তৃতীয় সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি, বাংলাদেশ রেলওয়ে সরকারি কোন কোন প্রতিষ্ঠান থেকে কত টাকার মবিল ক্রয় করে, বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টকে সেনা ও পুলিশ কল্যাণ ট্রাস্টের ন্যায় আধুনিক ও যুগোপযোগীকরণ, খুলনা-মংলা, জয়দেবপুর-ঈশ্বরদী এবং ভাঙ্গা-পায়রা পর্যন্ত রেলপথ নির্মাণ, বাংলাদেশ রেলওয়ের ট্যুরিস্ট ট্রেনের যাত্রীবাহী কোচ সংগ্রহের পরিকল্পনা, বাংলাদেশ রেলওয়ের বিদ্যুৎ বিল বকেয়া সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে সহজ ডট কমের সঙ্গে মন্ত্রণালয়ের পূর্ণ চুক্তি বাস্তবায়ন না হওয়ায় জরিমানা আদায় ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া, ডেমু ট্রেনের দেশি ও বিদেশি সরবরাহকারীদের আগামী বৈঠকে উপস্থিত করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে প্রধান আইন কর্মকর্তার পদ সৃজন ও চুক্তিভিত্তিক আইন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে মন্ত্রণালয়ের মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করার সুপারিশ করা হয়। এছাড়া দায়িত্বে অবহেলা ও অনিয়মের কারণে কমিটির সর্বসম্মতিক্রমে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) পার্থ সরকারকে সাসপেন্ড করার সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে দেশব্যাপী সাম্প্রতিক নাশকতায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ