জাতীয় ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৩১২ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন।
সেতু বিভাগের গণসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল করোনার বুস্টার ডোজ নিয়েছিলেন ওবায়দুল কাদের। এর পর তার জ্বর আসে। আজ সকালে তাকে বিএসএমএমইউ হাসপাতালে এনে ভর্তি করানো হয়। তিনি বিএসএমএমইউর ৩১২ নম্বর কেবিনে ভর্তি আছেন।
শেখ ওয়ালিদ জানিয়েছেন, ওবায়দুল কাদেরকে সকাল সাড়ে ১০টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে রুটিন চেকআপের জন্য নিয়ে আসা হয়। সেখানে তার রুটিন চেকআপ চলছে।
এদিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, ওবায়দুল কাদের মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হয়েছেন। দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে।
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ সকল প্রকার দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য কঠোর পরামর্শ প্রদান করেছেন।
এর আগে ২০১৯ সালের মার্চ মাসে হার্ট অ্যাটাকের পর ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি করা হয়। দীর্ঘ প্রায় দুই মাস সেখানে অবস্থান করে চিকিৎসা শেষে সুস্থ হয়ে মে মাসে দেশে ফেরেন ওবায়দুল কাদের।
এস এস/