প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে স্কুল খোলার মতো পরিস্থিতি একনও তৈরি হয়নি। করোনা মোকাবিলায় শীতে সবাইকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন তিনি।
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধুর ভাষণের শোনার মধ্য দিয়ে শেষ হয় মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন।
এর আগে জাতীয় সংসদের ইতিহাসের প্রথম বিশেষ এ অধিবেশনে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক বিশ্লেষণ আর দেশ ও দেশের রাজনীতিতে তাঁর অবদান তুলে ধরেন সংসদ সদস্যরা। অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে স্মরণ করার পাশাপাশি কথা বলেন, চলমান ইস্যুতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা দেশ দিয়ে গেছেন, আমরা করোনাভাইরাস থাকা সত্ত্বেও দেশের অর্থনীতি যাতে গতিশীল থাকে সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং ব্যবস্থা নিয়ে যাচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বিরোধী দল জাতীয় পার্টির বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, সারা বিশ্বেই আবারো নতুন করে করোনা সংকট দেখা দিচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা একটা প্রস্তুতি নিচ্ছিলাম, যখনই করোনার প্রকোপটা কমে গেল, আমি আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলাম। কিন্তু তারপরই দেখলাম আবার ইউরোপে দেখা দিল। এই যে ছেলেপেলেগুলো স্কুলে যাবে, বাচ্চারা, শিক্ষকরা, তাদের গার্জিয়ান, সবাইকে যেতে হবে। এটা একটা সংক্রামক ব্যাধি, এখনো এটার চিকিৎসাই বের হয়নি।
তারপরও আমরা চিকিৎসা দিচ্ছি, মানুষ ভালো হচ্ছে। সেখানে এই ঝুঁকিটা আমরা ছেলেমেয়েদের জন্য কেন নেব? হ্যা, এটা ঠিক। স্কুলে না যেতে পেরে বাচ্চাদেরও কষ্ট হচ্ছে। এতে কোনো সন্দেহ নাই। তার পরেও তাদের তো মৃত্যুর ঝুঁকিতে আমরা ঠেলে দিতে পারি না। শেষে অধিবেশন সমাপনী সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এসএস