জাতীয় ডেস্ক : সারাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে অর্ধেক জনবল নিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার রাত সাড়ে ৮টা দিকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস-আদালত অর্ধেক জনবল দিয়ে চলবে। যারা অফিসে যাবেন না এমন কর্মকর্তা-কর্মচারীদের নিজ কর্মস্থলেই অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকা ত্যাগ করা যাবে না।
একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি চালাতে বলা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে বলে উল্লেখ আছে প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আগের সিদ্ধান্তের ধরাবাহিকতায় আগামী ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন তিনটি শর্ত সংযুক্ত করে সার্বিক কার্যাবলি /চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হলো।
১. সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে।
অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।
২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
৩. ব্যাংক/বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় গত ১৩ জানুয়ারি থেকে ১১টি বিধি-নিষেধ দিয়েছে সরকার। এরপরও ঊর্ধ্বমুখী সংক্রমণে প্রভাব না পড়ায় গত শুক্রবার (২১ জানুয়ারি) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়াসহ নতুন করে ৬টি নির্দেশেনা দেয়া হয়।
ওই নির্দেশনায় আরও বলা হয়েছে- রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ ও অনুষ্ঠানসমূহে ১০০ জনের বেশি মানুষের সমাবেশ করা যাবে না।
এ সবক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই করোনা টিকার সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে।
এস এস/