নিউজ ডেস্ক :: অাগামীকাল সোমবার (০৫ ফেব্রুয়ারি) সিলেট সফর করবেন খালেদা জিয়া। এদিন সকাল সাড়ে ৯টায় সড়ক পথে অন্তত ৩শ’ গাড়ির বহর নিয়ে ঢাকা থেকে রওনা হবেন। বিকেল ৪টার দিকে সিলেট পৌঁছে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) মাজার জিয়ারত করবেন।
দলীয় সূত্রে জানা যায়, এদিন রাতে সিলেট অবস্থান করবেন বিএনপির চেয়ারপারসন। তার এই সফরে কোনো সমাবেশ কর্মসূচি না থাকলেও সিলেটে দলের সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করবেন। পাশাপাশি সংবাদ সম্মেলনের আয়োজন করা হতে পারে বলেও জানায় দলীয় সূত্র।
চেয়ারপারসনের সফরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিক নির্দেশনা থাকতে পারে, কিন্তু কাউকে গ্রিন সিগন্যাল দেওয়ার প্রক্রিয়া এ যাত্রায় থাকছে না। এমনকি সিটি করপোরেশন নির্বাচনের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হতে পারে। অবশ্য সিটি করপোরেশনের ক্ষেত্রে জনপ্রিয়তায় এগিয়ে থাকা প্রার্থীকেই দেওয়া হতে পারে গ্রিন সিগন্যাল বলে জানান দলের শীর্ষ নেতারা।
উল্লেখ্য, প্রায় চার বছর পর সিলেট আসছেন খালেদা জিয়া। সবশেষ ২০১৩ সালের ৫ অক্টোবর সিলেট সফরে যান তিনি। এর আগে ২০১১ সালের ১১ অক্টোবর বিশাল গাড়িবহর নিয়ে রোডমার্চ করে ঢাকা থেকে সিলেট এসেছিলেন।