আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ৩২ হাজার ৬৬৬টি পূজামণ্ডপে ২ লাখ ১২ হাজার ১৯২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। তারা আগামী ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৬ দিন পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
শনিবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ বলেন, দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় সব নিরাপত্তা সংস্থার মূল্যায়নের ভিত্তিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পূজামণ্ডপগুলোতে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ হিসেবে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে ৮ জন এবং গুরত্বপূর্ণ মণ্ডপে ৬ জন ও সাধারণ মণ্ডপে ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।
এছাড়া বিশেষ বিবেচনায় অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ মণ্ডপের মধ্য থেকে ১৫ হাজার ৩২টি মণ্ডপে ৫৩ হাজার ১৪৮ জন আনসার-ভিডিপি সদস্য ৬ ও ৭ অক্টোবর থেকে কাজ করবে।
পূজার নিরাপত্তায় এবছর প্রথমবারের মতো স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে ব্যাটেলিয়ন আনসার। এ প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে ৬৪টি জেলায় যেকোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন আনসারদের মোট ৯২টি টিম মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। প্রতিটি টিমে ৬ জন করে সদস্য থাকবে।
আনসারের ডিজি বলেন, পূজায় ৮দিন নিয়মিত নিরাপত্তা টহলের মাধ্যমে সব পূজামণ্ডপে নিরাপত্তা সমন্বয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রাপ্য ভাতা পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে আনসার মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠুভাবে ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব হবে। এজন্য দেশের সব নাগরিককে এই সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সময়োচিত তথ্য প্রদানের মাধ্যমে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু মাঠপর্যায়ে খোঁজ নিয়ে দেখা গেছে, অনেক পূজামণ্ডপে সিসি ক্যামেরা লাগানো হয়নি। সেসব পূজামণ্ডপে আনসার সদস্যরা অধিকতর গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করবে।
এছাড়া নির্দেশনা দেওয়া হয়েছে পূজামণ্ডপের আশেপাশে এবং পূজামণ্ডপে কোনো ঘটনা ঘটলে যেন সঙ্গে সঙ্গে তা ভিডিও করে সদরদপ্তরে পাঠানো হয় সে নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব ভিডিও সংগ্রহ করে গুজব রুখে দেওয়া হবে।
এসএস/এমএফ