জাতীয় ডেস্ক : সপ্তম ধাপে ১৩৮টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকেই ২০ জেলার ২৬টি উপজেলার এসব ইউপিতে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এরই মধ্যে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। শীত উপেক্ষা করেই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা। এর মধ্য দিয়ে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হচ্ছে।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, ১৩৮টি ইউপির মধ্যে মাত্র ৯টিতে ইভিএমের মাধ্যমে ভোট হবে। অন্যগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।
এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১১ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ জন।
এই ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫৭৬ জন। সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী এক হাজার ২৩৬ জন। এ ছাড়াও সাধারণ সদস্য পদে চার হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটকেন্দ্র ১ হাজার ৩৫০টি, ভোটকক্ষ সাত হাজার ৮৫টি।
২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন, নারী ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন। এ ছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।
ইসির কর্মকর্তারা জানান, শেষ মুহূর্তের নির্বাচন সুষ্ঠু করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। কয়েকটি উপজেলায় নির্দিষ্ট সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রতিটি ইউনিয়নে পুলিশ ও এপিবিএন সমন্বয়ে ১টি মোবাইল ফোর্স ও প্রতি তিন ইউনিয়নে একটি স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে। প্রতিটি উপজেলায় র্যাবের মোবাইল টিম ২টি ও একটি স্ট্রাইকিং ফোর্স রয়েছে।
প্রতিটি উপজেলা বিজিবির মোবাইল টিম দুটি, স্ট্রাইকিং ফোর্স একটি এবং উপকূলীয় উপজেলাগুলোতে কোস্টগার্ডের সদস্য নেমেছেন। এছাড়া মাঠে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
চলমান ইউপি নির্বাচনে ইতোমধ্যে ছয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৩৬ ইউপিতে ভোট হয়েছে। ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। এরপর ষষ্ঠ ধাপে ২১৬ ইউপিতে ৩১ জানুয়ারি ভোটগ্রহণ করা হয়।
এস এস/