সকালেরসময় ডেস্ক:: মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধের তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, শ্রমবাজার বন্ধ হয়নি, খোলা আছে। আর খাবার ও ভাষার সমস্যার কারণে সৌদি আরব থেকে ফেরত আসছে নারী কর্মীরা।
আজ মঙ্গলবার সকালে প্রবাসী মন্ত্রণালয়ের সভাকক্ষে রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। অর্থসূচক সূত্রে এই তথ্য জানা যায়।প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি, খোলাই আছে। তবে বিদ্যমান প্রক্রিয়া বন্ধ রয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে আগের নিয়মেই লোক পাঠানো যাবে। তবে যে ১০ এজেন্সি সিন্ডিকেটের বিরুদ্ধে মালয়েশিয়ান সরকার অভিযোগ করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মালয়েশিয়ার শ্রমিকের দরকার। মালয়েশিয়ায় শ্রম বাজার থাকবেই তবে শ্রমিকদের নেয়ার পদ্ধতি পরিবর্তন করতে পারে। বাংলাদেশী শ্রমিকরা বিদেশে অনেক নাম করেছে বলে আমরা অনেক অর্ডার পাচ্ছি। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের চাহিদা থাকবেই। আর সৌদি আরবে অনেক প্রজেক্ট বন্ধ হয়ে গেছে তাই কর্মীর চাহিদাও কমে গেছে। আর নারী শ্রমিকদের ফেরত আসার কারণ হলো সেখানে খাবার ও বাসস্থানের সমস্যা।