সকালেরসময় রিপোর্ট:: সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চলেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে উদীয়মান সূর্য প্রতীকে জয় পাওয়া গণফোরামের মোকাব্বির খান। দলের সঙ্গে ঐক্যফ্রন্টের মত-দ্বিমতের পর এবার দলীয় সিদ্ধান্তে শপথ নিতে চলেছেন তিনি।
তিনি সোমবার চিঠি পাঠিয়ে মঙ্গল বা বুধবার শপথ আয়োজনের অনুরোধ করেন বলে সংসদ সচিবালয়ের সচিব জাফর আহমেদ জানান। তার চিঠির প্রেক্ষিতে আজ মঙ্গলবার বেলা ১২টায় সংসদে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণফোরামের প্যাডে পাঠানো চিঠিতে মোকাব্বির লিখেন, আমি ও আমার দল গণফোরাম আগামী ২ বা ৩ এপ্রিল শপথ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এর আগে গণফোরামের আরেক নির্বাচিত নেতা সুলতান মনসুরের সঙ্গে শপথ নেয়ার কথা থাকলেও সে সময় পিছু হটেছিলেন মোকাব্বির।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বরের ভোটে বিএনপির জোটসঙ্গী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন গণফোরামের দুই নেতা সুলতান মনসুর ও মোকাব্বির খান। এর মধ্যে ধানের শীষ প্রতীকে জয়ী হওয়া সুলতান মনসুর গত ৭ মার্চ শপথ নিয়ে সংসদ অধিবেশনেও যোগ দেন। সুলতান মনসুরের সঙ্গে ওই সময় শপথ নেয়ার কথা ছিল মোকাব্বিরেরও। তবে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তে শপথ নেবেন না বলে সে সময় জানান তিনি। তার দাবি, এবার দলের সিদ্ধান্তেই শপথ নিচ্ছেন।