সকালেরসময় ডেস্ক :: শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।
এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। মন্ত্রী পরিষদের সদস্য ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এর পর সবার জন্য বুদ্ধিজীবী কবরস্থান উন্মুক্ত করে দেয়া হয়।
এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর মিত্র জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ অন্য সংগঠনগুলো বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। এসময় বুদ্ধিজীবী কবরস্থানের আশপাশের রাস্তা নিরাপত্তা জোরদার করা হয়।
১৪ ডিসেম্বর জাতির ইতিহাসে এক বেদনা ঘন দিন। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি ঘাতক বাহিনী বীর মুক্তিযোদ্ধাদের প্রবল পরাক্রমের সামনে পরাজয় নিশ্চিত জেনে এক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতেছিল। তারা বেছে বেছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতিক্ষেত্রের অগ্রগণ্য মানুষকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। পাকিস্তানি ঘাতকদের এ বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সহযোগিতা করেছিল রাজাকার-আলবদর বাহিনী।
মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে ১৪ ডিসেম্বর এই নারকীয় হত্যাযজ্ঞ ঘটিয়েছিল ঘাতকেরা। বিজয় অর্জনের পর রায়েরবাজারের পরিত্যক্ত ইটখোলা, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে একে একে পাওয়া যায় হাত-পা-চোখ বাঁধা দেশের খ্যাতিমান এই বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত মৃতদেহ।