বিষয় :

বিদায়-২৫ স্বাগতম-২৬


১ জানুয়ারি, ২০২৬ ২:২৮ : অপরাহ্ণ

বিদায় ২০২৫ স্বাগত ২০২৬। আজ ১ জানুয়ারি ইংরেজি বর্ষের প্রথম দিন। বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতিতে নিজস্ব নববর্ষ রয়েছে। তবে বছরের প্রথম মাস জানুয়ারির ১ তারিখ একটি বৈশ্বিক দিন এবং এর পেছনে শত শত বছরের ইতিহাসও রয়েছে।

ইংরেজি বছরের প্রথম দিনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই দিনটি আন্তর্জাতিক প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, কূটনীতি ও যোগাযোগের ক্ষেত্রে একটি অভিন্ন সূচনা বিন্দু হিসেবে কাজ করে। পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটি ঘটা করে উদযাপন করা হয়।

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে বানী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার এক বানীতে তিনি বলেন, ‘নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এ আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথচলার জন্য যোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা আমরা শুরু করেছি, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সব ষড়যন্ত্রকে প্রতিহত করে এ নির্বাচন ও গণভোট আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।

তিনি বলেন, নতুন বছরে সব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন হওয়ায় এবারের নববর্ষে ঢাকায় আতশবাজি- ফানুস ও ডিজে পার্টি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আন্তর্জাতিক জার্নাল ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, খ্রিস্টপূর্ব ৪৬ অব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার জ্যোতির্বিদদের পরামর্শে ক্যালেন্ডারে বড় ধরনের সংস্কার আনেন। এই সংস্কার থেকেই জন্ম নেয় ‘জুলিয়ান ক্যালেন্ডার’। জুলিয়াস সিজারই প্রথম ১ জানুয়ারিকে বছরের সূচনা হিসেবে ঘোষণা করেন।

তবে—রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপের অনেক খ্রিস্টান দেশ জানুয়ারির ১ তারিখে বছরের শুরু হিসেবে মানতে নারাজ ছিল। এর মধ্যে কোথাও ২৫ মার্চ (অ্যানানসিয়েশন ডে) আবার কোথাও আবার ২৫ ডিসেম্বর (ক্রিসমাস ডে) থেকে বছর গণনা করা হতো।

তবে ১৫৮২ খ্রিস্টাব্দে এই বিভ্রান্তির অবসান ঘটে। এ সময় পোপ ত্রয়োদশ গ্রেগরি ক্যালেন্ডারের ত্রুটি সংশোধন করে ‘গ্রেগরিয়ান ক্যালেন্ডার’ প্রবর্তন করেন। এতে ১ জানুয়ারিকেই বছরের আনুষ্ঠানিক সূচনা হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ধীরে ধীরে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ১ জানুয়ারি বছরের প্রথম দিন হিসেবে পালন হতে থাকে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল বুধবার থেকে আগামীকাল শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। নির্দেশনা জারি করেছে সরকার।

নির্দেশনায় বলা হয়েছে, শোক পালনকালীন ঢাকাসহ সারাদেশে মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‌্যালি বা শোভাযাত্রার আয়োজন করা যাবে না। তা ছাড়া উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকা- থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ