জাতীয় ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি যখন মশাল মিছিল বের করে তখন জনগণ আতঙ্কিত হয় এই ভেবে যে, তারা আবার কিসে আগুন দেয়, কারণ তারা বাসে, গাড়িতে, মানুষের সম্পত্তিতে আগুন দেওয়ার, অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে।
বিএনপি পরগাছার মতো আচরণ করছে মন্তব্য করে মন্ত্রী বলেন ‘তারা কখনো ছাত্র আন্দোলন, কখনো গার্মেন্টস শ্রমিকদের ওপর ভর করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি আন্দোলনের নানা ইস্যু খুঁজছে উল্লেখ করে ড. হাছান বলেন, তারা ভেবেছিল খালেদা জিয়ার ইস্যুতে তাদের কর্মীদের মাঠে নামাতে পারবে, কিন্তু বাস্তবে কর্মীরা নামেনি।
তারা খালেদা জিয়ার অসুস্থতাকে বাড়িয়ে বর্ণনা করেও যে ইস্যু তৈরির চেষ্টা করেছিল, সেটিও ঘটেনি কারণ বেগম জিয়া এখানে ভাল চিকিৎসা পাচ্ছেন এবং আরও উন্নত চিকিৎসার জন্য যা প্রয়োজন, তার চিকিৎসকরা যেভাবে চায়, সরকার তা করতে বদ্ধপরিকর।
বিএনপির অপর মন্তব্য ‘সরকার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করছে’ এবিষয়ে জিজ্ঞাসা করলে সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেন, ‘খালেদা জিয়ার হাঁটুর ব্যথা আর পেটের অসুখ দেশের স্বাস্থ্য ব্যবস্থার সূচক নয়। করোনা মহামারি নিয়ন্ত্রণে বহু উন্নত দেশের তুলনায় আমাদের সক্ষমতা এর অন্যতম সূচক।’
দেশের স্বাস্থ্য ব্যবস্থা যে কত ভাল, করোনার মধ্যে তা প্রমাণিত হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশ যেভাবে সামাল দিতে পারেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক ভালভাবে সামাল দিতে সক্ষম হয়েছে।
এস এস/