সকালেরসময় ডেস্ক:: সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা একদিন পিছিয়ে ১২ মার্চ নতুন তারিখ রেখেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, জনসভা করার অনুমতি চেয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে তারা ইতোমধ্যে চিঠিও দিয়েছেন। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল আমরা ঘোষণা দিয়েছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে ১১ মার্চ রোববার জনসভা হবে। এটা একদিন পিছিয়ে ১২ মার্চ সোমবার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
রিজভী বলেন, এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে সব প্রক্রিয়া শেষ করেছি। পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছি। আমরা আশা করি তারা এবার জনসভা করার অনুমতি দেবে। দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এর আগে ২২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করার অনুমতি চেয়েছিল দলটি। কিন্তু পুলিশ বইমেলার কারণ দেখিয়ে তখন অনুমতি দেয়নি বলে জানান রিজভী।
২২ ফেব্রুয়ারি জনসভার অনুমতি না পেয়ে তার প্রতিবাদে বিএনপি ২৪ ফেব্রুয়ারি ঢাকায় কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পালন করে। ঢাকার বিশেষ জজ আদালত গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।
এর প্রতিবাদে বিএনপি চার দফায় বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ ও সারা দেশে লিফলেট বিতরণের মত কর্মসূচি পালন করেছে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।