বিষয় :

ফাঁকা আসন থাকলেও রেলের ভাড়া বাড়বে না: সুজন


১ সেপ্টেম্বর, ২০২০ ১২:০১ : অপরাহ্ণ

অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল অব্যাহত থাকলেও ট্রেনের ভাড়া বাড়বে না বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সোমবার রেলভবনে লাগেজ ভ্যান ক্রয়সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় রেলের ভাড়া বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। তিনি বলেন, ‘করোনা সংক্রমণ ওপরের দিকে যাবে না নিচের দিকে নামবে, তা এখনো নিশ্চিত নই। এ জন্য বাসে আসন পূর্ণ করে আগের ভাড়ায় চলাচলের সিদ্ধান্ত নেওয়া হলেও আমরা তেমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।

রেলের ভাড়া বৃদ্ধির আলোচনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত রেলের ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ভবিষ্যতের জন্য গবেষণা চলছে। যখন মানুষের সামর্থ্য বাড়বে, তখন ভাড়া বৃদ্ধি করা যায় কি না, সেটা নিয়ে দেড় বছর আগে একটি কমিটি করা হয়েছিল।

সম্প্রতি কমিটি একটি প্রতিবেদন দিয়েছে। এর মানে এই নয় যে রেলের ভাড়া বৃদ্ধি হচ্ছে। বিভিন্ন পত্র-পত্রিকায় ভাড়া বৃদ্ধি নিয়ে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে, সেটি কিন্তু সঠিক নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার জন্য অর্ধেক আসন ফাঁকা রেখে চালাতে বলেছেন। মালামাল পরিবহনের মাধ্যমে আয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, রেলপথ নির্মাণ ও সংস্কারের পাশাপাশি মালামাল পরিবহনের ক্ষেত্রেও ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে লাগেজ ভ্যান কেনার প্রকল্প নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, করোনার মধ্যে লাগেজ ভ্যান দিয়ে রাজশাহী থেকে ট্রেনে আম পরিবহন করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে শাকসবজি ও নিত্যপণ্য পরিবহনে বিশেষ ট্রেন চলেছে। গত ঈদুল আজহায় কোরবানির পশুও পরিবহন করা হয়েছে। ভবিষ্যতে কৃষকের পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছাতে লাগেজ ভ্যান কেনা হচ্ছে। এতে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবেন।

এসএস

0Shares

আরো সংবাদ