আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পেশাজীবীদের সঙ্গে ইফতার করেছেন। আজ মঙ্গলবার (২১ মে) ইফতারের আগে তিনি বিভিন্ন পত্রিকার সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, চিকিৎসক, কৃষিবিদ, আইনজীবী, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, ক্রীড়াবিদ ছাড়াও বিবিধ শ্রেণী-পেশার নেতৃবৃন্দ অংশ নেন।

বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে খোঁজ-খবরও নেন প্রধানমন্ত্রী। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে গত রোববার আলেম, ওলামা,মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি, আত্মীয়-স্বজন ও পরিবার পরিজন নিয়ে ইফতার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।