বিষয় :

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনায় আক্রান্ত


১৩ নভেম্বর, ২০২০ ১০:৪২ : অপরাহ্ণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ তথ্য জানান।

এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ (স্বপন)। শুক্রবার হুইপ নিজে ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়ে লিখেছেন, আমি গতকাল থেকে করোনা আক্রান্ত। আমার স্ত্রী গত ১১ দিন ধরে আক্রান্ত। অনূগ্রহপূর্বক আমাদের জন্য দোয়া করবেন।

শাহরিয়ার আলম ২০১৪ সালের ১৪ জানুয়ারি থেকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে রাজশাহী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৫৬নং আসন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) থেকে সদস্য নির্বাচিত হন। ১৯৯৭ সাল হতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।

শাহরিয়ার আলম ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার সকল নির্বাচনী এলাকার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে রাজশাহী-৬ আসন হতে প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য থাকাকালে তিনি তথ্য অধিকার আইনের খসড়ার চুড়ান্তকরণে কাজ করেন।

এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও দারিদ্র বিমোচন বিষয়ক ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ’ এবং এমডিজি, পিআরএসপি, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং বাংলাদেশ উন্নয়ন ফোরাম সংক্রান্ত ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের’ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর পূর্বে আওয়ামী লীগের তথ্য, গবেষণা ও প্রচার এবং প্রকাশনা বিষয়ক সাব-কমিটির সদস্য ছিলেন।

এসএস

0Shares

আরো সংবাদ