জাতীয় ডেস্ক : সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশে। আগের দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন। আগের দিন এ সংখ্যা ছিল ১১৪৬ জন। আর এখন পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনের শরীরে।
এদিকে আগের দিনের মতোই করোনা সংক্রমণ নিয়ে এক জন মারা গেছেন। চট্টগ্রাম বিভাগের এই নারীর বয়স ৬১ থেকে ৭০ বছর। তিনি সরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ১৭০ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা হয়েছে ১৫৪ জন।
এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৫০ হাজার ৬৮৮ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৫২টি ল্যাবে ১৮ হাজার ৫৮৬টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগের দিনের নমুনাসহ এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ২৭৫টি।
এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৮১৫টিতে।
এস এস/