বিষয় :

দেশে করোনায় ৩ জনের মৃত্যুতে শনাক্ত বেড়ে ৩৮৫


১৩ ডিসেম্বর, ২০২১ ৫:৫৮ : অপরাহ্ণ
করোনা

জাতীয় ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন তিন জন। আগের দিন এ সংখ্যা ছিল ছয় জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৩১ জনে।

তাছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৮৫ জন। আগের দিন নতুন সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩২৯ জনের শরীরে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জনে।

সোমবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুসের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৩৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ৪২ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ১৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত তিন জনের মধ্যে দু’জন পুরুষ, এক জন নারী। মোট মৃতদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৩০ জন, নারী ১০ হাজার ১০১ জন। সে হিসাবে মোট মৃত্যুর ৬৩ দশমিক ৯৬ শতাংশ পুরুষ, ৩৬ দশমিক শূন্য ৪ শতাংশ নারী।

গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে এক জন, রাজশাহী বিভাগে একজন ও খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

এস এস/

0Shares

আরো সংবাদ