জাতীয় ডেস্ক : দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে মৃত্যুর সংখ্যা একদিনে সাতগুন বেড়েছে। আগের দিন সারাদেশে একজন মারা গেলেও গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ২৮ হাজার ৭০ জনের মৃত্যু হয়েছে।
তাছাড়া একইদিনে সংক্রমণও বেড়েছে অনেক। ২৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৩০ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ৫শ ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জন।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৮২ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘন্টায় দেশে নতুন যে ৭ জন মারা গেছেন এর মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন এবং রাজশাহী বিভাগের ১ জন। বাকি বিভাগগুলোর কোথাও কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এস এস/