জাতীয় ডেস্ক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিটি চট্টগ্রাম বিভাগের। গত ২৪ ঘন্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় নতুন কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
তাছাড়া গতকাল ৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে আজ ১০ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ২৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
সারাদেশে এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ১৭ জন আর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জন।
শুক্রবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুসের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এ সব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৪৯ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৭৪০ জন।
গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৪৮টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪০টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ২০ হাজার ৬৬টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫২টি।
এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১০ লাখ ৮২ হাজার ৯৫৪টিতে।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৮ লাখ ৫৪ হাজার ৭০৮টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩২ লাখ ২৮ হাজার ২৪৬টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এস এস/