বিষয় :

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ


২৯ অক্টোবর, ২০২৪ ৬:০২ : অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি পদত্যাগ করেন বলে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন। একই সঙ্গে কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হকও পদত্যাগ করেছেন।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরে গত ১৩ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, কমিশনার ও সচিবকে পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ওইদিন আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে লিখেন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশনসহ সব কমিশনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো বসে আছে। সব মন্ত্রণালয়ের সচিব এবং সব কমিশনের প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে।

২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হয়েছিলেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি এর আগে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মইউদ্দীন আব্দুল্লাহ বলেন, এ বিষয়ে একটু পরে কথা বলছি, কিছু জানতে চাইলে সচিবের সঙ্গে কথা বলুন। এর পরই ফোন কলটি কেটে দেন তিনি।

আইন অনুযায়ী, তিনজন কমিশনারের সমন্বয়ে দুদক গঠিত হয়। কমিশনারদের মেয়াদ থাকে পাঁচ বছর। তাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ