বিষয় :

ড. হাছান মাহমুদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ


১২ জুলাই, ২০২৩ ৭:৪০ : অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।

বুধবার (১২ জুলাই) দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসা ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের তিন সদস্য রিকার্ডো কেলেরি (Riccardo Chelleri), দিমিত্রা আয়ানো (Dimitra Ioannou) এবং ক্রিস্টিনা ডোস রামোস আলভেস (Cristina Dos Ramos Alves) এর সঙ্গে তথ্যমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি। তারা দেশের গণমাধ্যম আমাদের মন্ত্রণালয়ের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছে।

আমরা বলেছি বাংলাদেশের গণমাধ্যম মূলত বেসরকারি। বাংলাদেশ টেলিভিশন আর ৩৫টি বেসরকারি টিভি চ্যানেল এখন সম্প্রচারে আছে। বাংলাদেশ বেতার ছাড়া সাড়ে ১২শ’ দৈনিক পত্রিকা, কয়েক হাজার অনলাইন, এফএম ও কমিউনিটি রেডিও সবই বেসরকারি।

সম্প্রচারমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়ন এ বছরের গোড়াতে আইন সংশোধন করে বলেছে, প্রত্যেক সামাজিক যোগাযোগ প্লাটফর্মকে ইউরোপে রেজিস্টার্ড হতে হবে। আমরা সমস্ত সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মগুলোকে বাংলাদেশের আইন অনুযায়ী এখানে রেজিস্টার্ড হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বলে আসছি, কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি। সেখানে কোনো গুজব বা বিতর্কিত পোস্ট সরাতে বললেও তারা দেরি করে এবং সরালেও ১০ শতাংশের বেশি নয়। এতে সৃষ্ট হানাহানির চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, ইউরোপের দেশগুলোতে যে সরকার ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় থেকেই নির্বাচন হয়। আমাদের দেশেও আইন অনুযায়ী তাই হবে, তবে নির্বাচনকালে সরকার শুধু রুটিন কাজ করে সেটি আমি তাদেরকে জানিয়েছি।

আরেক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। এ নিয়ে বিএনপি ছাড়া কারো মাথাব্যথা নাই। তারা এসেছে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে, বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য নয়। তবে আমি বলেছি, আমরা চাই বিএনপিসহ সব দল নির্বাচনে অংশ নিক।

এসএস

0Shares

আরো সংবাদ