সকালেরসময় রিপোর্ট:: রাজধানীর চকবাজারে দাহ্য পদার্থের শোরুম থাকলেও কোনো গোডাউন থাকতে পারবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কারও ব্যবসা নষ্ট করতে চাইনা। গোডাউনের জন্য আলাদা জায়গা করে দেওয়া হবে। যে যতো বাধাই দিক, পুরান ঢাকায় কোনও রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকবে না।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। উল্লেখ্য, চকবাজারের অগ্নিকান্ড প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সারারাত উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে।
প্রধানমন্ত্রী সারা রাত জেগে উদ্ধার কাজ তদারক করেছেন। এ ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন রাষ্ট্রের প্রধান নির্বাহী আওয়ামী লীগ সভাপতি। এসময় শপথ অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করতে নতুন মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কপোরেশনের নগরপিতা হিসাবে নবনির্বাচিত আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করার প্রধানমন্ত্রী।
এছাড়া উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।