তুরাগতীরে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে টঙ্গীর তুরাগ পাড়ে জড়ো হচ্ছেন দেশ-বিদেশের মুসল্লিরা। দ্বিতীয় পর্ব পরিচালনা করবেন সাদ অনুসারিরা। শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা।
বুধবার (১৫ জানুয়ারি) থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করছেন। যার যার খিত্তায় অবস্থান নিয়েছে মুসল্লিরা। প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে দলে দলে মুসল্লিরা অবস্থান নিচ্ছেন ময়দানে। দ্বিতীয় পর্বেও দেশের ৬৪ জেলার মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। ধর্মপ্রাণ মুসল্লিরা বিশ্ব মাওলানাদের বয়ান শুনতে ও ইবাদত করতে এখানে জড়ো হচ্ছেন। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর শুক্রবার (১০ জানুয়ারি) বাদ ফজর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। পরে বাংলায় বয়ান তরজমা করেন বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন।
এদিকে টঙ্গী হাসপাতাল সূত্রে জানা গেছে, দ্বিতীয় পর্বের ইজতেমায় আসা তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁরা হচ্ছেন কিশোরগঞ্জের অষ্টগ্রামের আবদুল মতিনের ছেলে আহমদ মোতালেব (৪৫), সিলেটের হবিগঞ্জের চান মিয়া (৫৫) ও গোপালগঞ্জের মুকসুদপুরের ফকিরহাট খোলা গ্রামের আবদুর রব শেখ (৭০)। বার্ধক্যজনিত ও হূদরোগে আক্রান্ত হয়ে তাঁরা মারা গেছেন বলে জানা গেছে।
রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় সাদ অনুসারি মুরুব্বি আব্দুল্লাহ শাকিল জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ময়দানের দিকে আসছেন। লাখ লাখ মুসল্লি দ্বিতীয় পর্বে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।