বিষয় :

আধাবেলা হরতাল চলছে


৩০ নভেম্বর, ২০১৭ ৮:৫১ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি এবং নিত্যপণ্যে দাম বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা আধাবেলা হরতাল চলছে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় হরতাল শুরু হয়। চলবে দুপুর ২টা পর্যন্ত।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শাহবাগ থেকে একটি মিছিল বের করেন বাম নেতারা। মিছিলটি মৎস্য ভবন, প্রেসক্লাব, পুরাতন পল্টন, বায়তুল মোকাররম গেট থেকে ঘুরে কাকরাইল হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে অবস্থান করছে। বর্তমানে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করছেন।

হরতালে যাতে কোনও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য রাজধানীর বিভিন্ন রাস্তায় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। এমনকি যান চলাচলও স্বাভাবিক আছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বাম দলগুলোর সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে নিম্নবিত্ত ও গরীব মানুষের ব্যয় আরও বেড়ে যাবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন গার্মেন্টসসহ কম আয়ের মেহনতী মানুষরা। বিদ্যুতের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়াসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাবে। মুনাফা করবে এক শ্রেণির লুটের ব্যবসায়ীরা, আর ব্যয় বহন করতে হবে সাধারণ জনগণকে। জনগণের ওপর এ ধরনের চরম আঘাত মেনে নেওয়া যায় না।

এদিকে বাম দলগুলোর ডাকা আধাবেলার হরতালের সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ও সমাজতান্ত্রিক মজদুর পার্টি।

0Shares

আরো সংবাদ