আজ সোমবার বিকালে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । চীনে তার পাঁচ দিনের সরকারি সফর সম্পর্কে ওই সংবাদ সম্মেলনে ব্রিফিং করবেন প্রধানমন্ত্রী। গত সোমবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংর আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে যান শেখ হাসিনা। সফর শেষে শনিবার তিনি দেশে ফিরেছেন।
এই সফরে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের সঙ্গে কথা হয়েছে রাষ্ট্রপ্রধানের। তবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে চীনের কাছ থেকে জোরালো কোনো আশ্বাস পায়নি বাংলাদেশ। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৯ জুন জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধানমন্ত্রী। বিদেশ সফর থেকে ফিরে প্রতিবারই সংবাদ সম্মেলন করেন সরকারপ্রধান শেখ হাসিনা। প্রতিবারই সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। আজকের সংবাদ সম্মেলনেও তার সাম্প্রতিক সফরসহ সমসাময়িক নানা ইস্যুতে প্রশ্ন করতে করবেন সাংবাদিকরা।