আগামী বছরের প্রথম দিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি জানান, এ সফর উপলক্ষে দুইপক্ষ আলোচনা করে যাচ্ছে।
আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন–সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি আগামী বছরের প্রথম ভাগে তিনি আসবেন।
অনেক বিষয়ে দুদেশ অগ্রসর হচ্ছে জানিয়ে তিনি বলেন, সৌদিরা অনেক বিনিয়োগ প্রস্তাব দিয়েছে, আমরাও তাদের বিনিয়োগ চাই। তাদের কয়েকটি প্রস্তাব আমরা চূড়ান্ত করতে যাচ্ছি। যুবরাজ এলে সেই কাজগুলো আরো ত্বরান্বিত হবে। বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, সমুদ্রবন্দর টার্মিনালসহ বেশ কয়েকটি প্রকল্প রয়েছে।
এসএস