বিষয় :

অর্থমন্ত্রীর ৭০ হাজার টাকা নিয়ে লাপাত্তা গৃহকর্মী সালমা


২ জানুয়ারি, ২০২০ ১২:৪১ : অপরাহ্ণ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জাতীয় সংসদের ওয়েবসাইটে যে বাসার ঠিকানা দেয়া আছে, সেই বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকার গুলশান থানায় একটি মামলা করা হয়েছে। মামলার আসামি মন্ত্রীর গৃহকর্মী সালমা বেগম। বর্তমানে তিনি পলাতক।

গেল বছরের ১৩ ডিসেম্বর ওই ঘটনা ঘটে। পরদিন লোটাস কামাল গ্রুপ অব কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর হোসেন মামলাটি করেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. খোরশেদ আলম। তিনি বলছিলেন, গৃহকর্মী সালমা বেগমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত। তার মোবাইল বন্ধ রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুততম সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ২৫ সেপ্টেম্বর গুলশান ২ নম্বরের ১০৩ নম্বর রোডের ১১ নম্বর বাসায় কাজ নেন গৃহকর্মী সালমা বেগম (৪৫)। তিনি সর্বক্ষণ বাসায় থাকতেন। ১৩ ডিসেম্বর সকাল ১০টায় কাশমিরী কামালের (মন্ত্রীর স্ত্রী) বাসার আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যান ওই গৃহকর্মী। পরে ওইদিন বেলা ১১টা নাগাদ গৃহকর্মী সালমা বেগমকে খুঁজে না পেয়ে তাকে ফোন করেন কাশমিরী কামাল। কিন্তু সালমা বেগমের ফোন বন্ধ পাওয়া যায়।

0Shares

আরো সংবাদ