৪৫ লাখ টাকা আত্মসাত, ডাক বিভাগের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা


২২ অক্টোবর, ২০২০ ১:৪১ : পূর্বাহ্ণ

প্রতারণার মাধ্যমে সরকারি ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার (২১ অক্টোবর) দুদক চট্টগ্রাম-অঞ্চলের (১) উপ-পরিচালক শহীদুল ইসলাম মোড়ল বাদি হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন, চট্টগ্রাম জিপিও’র (ডাক বিভাগ) সাবেক এসজি অপারেটর ও বর্তমানে সঞ্চয়-৬ এর সহকারী পোস্টমাস্টার নুর মোহাম্মদ (৫৪) ও সঞ্চয়-৬ এর বর্তমান পোস্টাল অপারেটর মো. সরওয়ার আলম খান (৫২)। মামলায় দুজনের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫/২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে ৪৫ লাখ টাকা আত্মসাতের বিষয়টি নজরে আসলে ডাক বিভাগে অভিযান চালায় দুদক। তখন দুদক কর্মকর্তারা অভিযুক্ত দুই ডাক কর্মকর্তার হেফাজত থেকে ২১ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করেন। বাকি২৩ লাখ ৫১ হাজার টাকার হদিস পাওয়া যায়নি।

এ ঘটনায় চলতি বছরের ২৭ আগষ্ট একটি সাধারণ ডায়েরিও করা হয়। মুলত সাধারণ ডায়েরি বিষয়ে সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদি শহীদুল ইসলাম মোড়ল।

দুদক চট্টগ্রাম অঞ্চলের (১) উপ-পরিচালক শহীদুল ইসলাম মোড়ল বলেন, জাল জালিয়াতি করে সরকারি ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে ডাক বিভাগের দুইজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি এখন কর্তৃপক্ষের (দুদক) মনোনীত তদন্ত কর্মকর্তা বিষদভাবে তদন্ত করে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ