২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৭ জন করোনা আক্রান্ত


৪ আগস্ট, ২০২০ ১১:৫৯ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের তিন ল্যাবে নমুনা পরীক্ষায় ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন; এর মধ্যে ১৪ জন নগরের ও ৩ জন বিভিন্ন উপজেলার।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এইদিন ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এই দিনে চট্টগ্রামে উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৩৪ জন।

এতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৮ টি নমুনা পরীক্ষা করে ৯ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৮ টি নমুনা পরীক্ষা করে ৭ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪ টি নমুনা পরীক্ষা করে ১ জন শনাক্ত হয়।

এইদিন সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল হাসপাতাল ও শেভরণের ল্যাবে চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩ জনের মধ্যে সাতকানিয়া, রাউজান ও সন্দ্বীপের একজন করে রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ৫০৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১১২ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ হাজার ৫১৭ জন করোনা রোগী।

সকালের-সময়/এমএমএ

0Shares

আরো সংবাদ