কক্সবাজার হতে বঙ্গোপসাগরে ছেড়ে যাওয়া ‘এফভি রাঙ্গাচোক্কা’ নামের একটি ফিশিং ট্রলার ৩৫ নটিক্যাল মাইল পশ্চিমে গভীর সমুদ্রে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ডুবে যায়।
২৩ জন ক্রু নিয়ে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে কাজ করছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের সদস্যরা। ইতোমধ্যে তারা এক ব্যক্তির লাশসহ ১২ জনকে উদ্ধার করেছেন। এখনো পর্যন্ত ১০ জন ক্রুয়ের কোনো খবর পাওয়া যায়নি।
এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলিফ্যান্ট পয়েন্ট থেকে ৩০ ডিগ্রিসামনের গভীর সমুদ্রের একটি ফিশিং ট্রলার ডুবে যায়।
আমাদের এলএনজি বাহী মাদার ভ্যাসেল ও সী পাওয়ার নামের একটি ফিশিং জাহাজ উদ্ধার কাজে যায়। আমরা এখন পর্যন্ত একটি লাশ ও ১২ জন ক্রু’কে উদ্ধার করেছি। মৃত ক্রুয়ের নাম সৈয়দ নজরুল।
তিনি বলেন, ডুবে যাওয়া ট্রলারটি কাঠের তৈরি। কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো বলা সম্ভব হচ্ছে না। আমরা জাহাজ ডোবার কারণ তদন্ত করে জানতে পারবো।
ঘটনাস্থলে অন্যান্যদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ নজরুল ও নৌবাহিনীর জাহাজ অপরাজেয়। উল্লেখ্য, নিহত ব্যক্তির লাশ কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। লাশটি কক্সবাজার থেকে চট্টগ্রামে পাঠিয়ে দেয়া হবে।