নিষেধাজ্ঞা অমান্য করে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে যান্ত্রিক নৌযান দিয়ে বালি উত্তোলন করায় একটি বালিবোঝাই বড় বোট তলায় ফুটো করে ডুবিয়ে দিয়েছে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
গত কয়েকদিন ধরে নদীতে অবৈধভাবে জাল পেতে মা মাছ ও ডলফিন মারার কারণে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (১২ মে) দুপুরে এনজিও সংস্থা আইডিএফ-এর একটি স্পিড বোট নিয়ে অভিযানে নামে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর ও আবদুল্লাহ আল মামুন।
জানা যায়, হালদার আজিমের ঘাট থেকে অভিযানে নেমে স্পিড বোটটি মাদার্শার আমতুয়া এলাকায় গেলে নদীতে পাওয়া যায় একটি বালিভর্তি যান্ত্রিক বোট। অভিযানকারী দল দেখে বালি পরিবহনকারীরা পালিয়ে গেলেও বোটটি আটক করে অভিযান দল এটির তলায় ফুটো করে দিয়ে নদীর মাঝে এনে ডুবিয়ে দেয়। এই অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, আইডিএফ-এর মিমু দাশসহ উপজেলা প্রশাসনের আরো কয়েকজন কর্মকর্তা।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, হালদায় অবৈধভাবে বালি পরিবহনে নিয়োজিত যান্ত্রিক নৌযানের ডুবন্ত পাখার আঘাতে মা মাছসহ ডলফিন মারা যাচ্ছে। একই সাথে রাতে নদীতে জাল পেতে নদীর মা মাছ মারা হচ্ছে বলে বহু অভিযোগ রয়েছে। ইতিপূর্বে কয়েক হাজার মিটার জাল নদী থেকে জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এই অপরাধে যারাই জড়িত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, হালদায় যেকোনো সময় মা মাছ ডিম দিতে পারে। এখন কয়েকশ’ মৎস্যজীবী নৌকা নিয়ে মা মাছের ডিম সংগ্রহের জন্য নদীতে অবস্থান করছেন। এমন পরিবেশে বালিবাহী যান্ত্রিক নৌযান ও জাল পাতার কারণে মা মাছ ও ডলফিন মারা পড়ছে প্রতিদিন।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সাকর্দার ছায়ার চরে জাল পেতে মা মাছ ও ডলফিন মারার অভিযোগে নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়ার রফিক নামের এক ব্যক্তিকে গত দু’দিন আগে কোস্টগার্ড ধরে নিয়ে গেছে। নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতা এই ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তাকে কোথায় রাখা হয়েছে সেই ব্যাপারে কেউ কোনো তথ্য দিতে পারেননি।
জানা যায়, মোকামিপাড়ার ছায়ারচর এলাকায় একটি সিণ্ডিকেট রাতে ড্রেজার বসিয়ে বালি উঠিয়ে বিভিন্ন স্থানে যান্ত্রিক বোটে সরবরাহ করছে। আটক রফিকসহ স্থানীয় আরো দুই ব্যক্তি রাতে জাল পেতে মাছ শিকার করে বলে অভিযোগ রয়েছে।
সকালের-সময়/এমএমএ