নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
একই ঘটনায় আরো দুজন আহত হয়। এর মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৮ টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী কাটিরহাট সিটি শপিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাটহাজারী পৌরসভার এগারো মাইল এলাকার মৃত জহির আহম্মদ ডাইভারের ছেলে ও অটোরিক্সাচালক সেলিম এবং নগরীর বায়েজিদ বোস্তামি থানার হামজারবাগ এলাকার বাসিন্দা জাবেদ।
আহতরা হলেন- নজরুল ইসলাম মানিক (৩১) ও সৌরভ চন্দ্র দে (৫০)। এরমধ্যে সৌরভকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাস রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান হাইওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়,যাত্রী নিয়ে ফটিকছড়ির দিকে যাচ্ছিলেন হানিফ পরিবহনের একটি বাস। উল্টো দিক থেকে যাত্রী নিয়ে আসছিলেন একটি সিএনজি অটোরিকশা। কাটিরহাটে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিতে থাকা চারজনের মধ্যে সিএনজি চালকসহ ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বাকি দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তথ্য নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মানিক নামে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। আহত সৌরভের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।
এস এস/