স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করা সেই প্রতারক গিয়াস আবারো গ্রেপ্তার


২২ মে, ২০২১ ২:২৯ : পূর্বাহ্ণ

সিআইডি কর্মকর্তা সেজে ২০১৫ সালে এক মানবপাচারকারীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেন গিয়াস। সেই মামলায় ২০১৭ সালে তাকে গ্রেপ্তার করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার মামলা প্রত্যাহারের চিঠি আসে।

কিন্তু পরে দেখা যায়, সেটা ভুয়া চিঠি। স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর ও সিল জাল করে প্রতারক নিজেই তা পাঠিয়েছিলেন।

সেই প্রতারক গিয়াস উদ্দিনকে (৪০) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে চট্টগ্রাম নগরীর চৌমুহনীস্থ ভাড়া বাসা থেকে গিয়াসকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।

বর্তমানে মাদক কারবারে জড়িত নাকা রুবেল নামে একজনের মাধ্যমে মাদক ক্রয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। গিয়াস উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, গিয়াস উদ্দিন ভয়ঙ্কর প্রতারক। তিনি বিভিন্ন পরিচয়ে প্রতারণা করতেন। ২০১৫ সালে ক্রসফায়ার থেকে বাঁচানোর কথা বলে আকবর নামে মানবপাচার মামলার এক আসামির পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি। এ ঘটনায় মামলা হওয়ার পর ২০১৭ সালে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গিয়াসের বিরুদ্ধে করা সিআইডি পরিচয়ে চাঁদাবাজির মামলাটি প্রত্যাহারের জন্য ২০১৬ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিলমোহরসহ একটি চিঠি সিআইডির চট্টগ্রাম কার্যালয়ে আসে।

পরে তদন্ত করে দেখা যায় এটিও ভুয়া। এ ঘটনায় খুলশী থানায় গিয়াসকে আসামি করে ২০১৬ সালে আরেকটি মামলা করা হয়। বর্তমানে গিয়াস মাদক কারবারে জড়িত।

এসএস

0Shares

আরো সংবাদ