নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আইডিকার্ডসহ মো. রাশেদ (৪০) নামে ভূয়া র্যাব পরিচয়ধারী এক যুবককে আটক করেছে র্যাব-৭।
গতকাল সোমবার (২২ নভেম্বর) দুপুর দেড়টার সময় উপজেলা পরিষদ গেইট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রফিক উপজেলার দোয়াজী পাড়ার বাসিন্দা মৃত নুর আলীর ছেলে।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাবের সিনি. সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাঃ লেঃ নিয়াজ মোহাম্মদ চপল।
তিনি জানান, গত ১৮ নভেম্বর মো. রফিক নামে এক যুবক তাদের কাছে অভিযোগ করে জানায়, র্যাব পরিচয় দিয়ে রাশেদ নামে এক যুবক বিভিন্ন হুমকী-ধমকীর মাধ্যমে তার কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করে আসছে।
অভিযোগের সূত্র ধরে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-৭ এর বিশেষ টিম। মোবাইল প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে সোমবার দুপুরে উপজেলা গেইটের সামনে অভিযান পরিচালনা করে ভূয়া আইডি কার্ডসহ রাশেদকে আটক করতে সক্ষম হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদ দীর্ঘদিন ধরে র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
এস এস/