নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। শনিবার (১৩ নভেম্বর) রাতে বারদোনা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া পলাতক আসামির নাম বশির আহমদ। তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার বশির আহমদ সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।
শনিবার তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে বশির আহমদকে গ্রেফতার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বশির আহমদকে আমাদের কাছে হস্তান্তর করে র্যাব।
এর আগে, গত ১৩ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হকের আদালত ২১ বছর আগে সংঘটিত আলোচিত চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবু মোহাম্মদ জাহেদ, আবু মোহাম্মদ রাশেদ, নেজাম উদ্দিন, তারেক, জিল্লুর রহমান, সাতকানিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন রফিক,জসিম উদ্দিন ও বশির আহমেদ, ফোরক আহমদ।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আইয়ুব, হারুন, ইদ্রিস পিতা চাঁনমিয়া, ইদ্রিস পিতা ইব্রাহিম ও মোরশেদ আলম।
উল্লেখ্য : ১৯৯৯ সালের ৩ অক্টোবর রাত ১২টার দিকে মীর্জাখীল দরবার শরীফের ওরশ চলাকালীন সময়ে দরবারের গেইট সংলগ্ন নাছিরের চায়ের দোকানে চতুর্দিক থেকে ঘিরে চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
হত্যাকাণ্ডের পরদিন ৪ অক্টোবর নিহতের স্ত্রী সৈয়দা রোশনা আকতার বাদী হয়ে ২০ জন আসামির নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
এস এস/