নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উত্তেজনা যেন কমছেই না। ক্ষমতার জন্য যেন মরিয়া হয়ে উঠেছে প্রার্থী ও সমর্থকরা। জড়াচ্ছে সংঘর্ষে।
সর্বশেষ দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে প্রাণ গেছে আনোয়ার হোসেন নামে এক বৃদ্ধের। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কুণ্ডুকুল এলাকায় তিনি প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে ধাওয়া পাল্টা ধাওয়া থেকে সংঘর্ষে রুপ নেয়।
এসময় বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইলিয়াছ চৌধুরীর সমর্থক আনোয়ার হোসেন মারা যান। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কুণ্ডুকুল এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
তবে তার মৃত্যু কিভাবে হয়েছে তা নির্দ্দিষ্ট করে কেউই জানাতে পারেনি। মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ওসমানী। তিনি ধারণা করছেন আনোয়ার হোসেন স্ট্রোক করে মারা গেছেন।
এদিকে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার তথ্য দিয়েছেন সাতকানিয়া থানার কর্তব্যরত ডিউটি অফিসার। তিনি বলেন,বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষের ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।
এস এস/