নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় দুই মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছদাহা মিঠাদিঘী এলাকায় অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, তৌহিদুল ইসলাম (২৮) ও সালাউদ্দিন (২৫)। তারা দুজনই নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, বুধবার মধ্যরাতে অজ্ঞাত কোন গাড়ির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে। রাতেই স্থানীয়দের কাছ থেকে জানতে পারি সাতকানিয়ার ছদাহা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক মারা গেছে,লাশ রাস্তায় পড়ে আছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধারের পাশাপাশি সড়কে পড়ে থাকা দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটিও জব্দ করে থানায় আনা হয়।
মরদেহ ময়নাতদন্ত করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।
এস এস/