শিল্পকলায় গেড়ে বসা মোসলেম উদ্দীনকে অবশেষে বদলি


১৫ ডিসেম্বর, ২০২৪ ১:০০ : অপরাহ্ণ

টানা ১৬ বছর পর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মদ মোসলেম উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগে নাট্যকলা শাখার ইন্সট্রাক্টর পদে ফেরত পাঠানো হয়। শিল্পকলা একাডেমির প্রধান কার্যালয়ে ইন্সট্রাক্টর পদে নিয়োগ হলেও ‘ক্ষমতার জোরে’ তিনি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এতোদিন।

গত ৪ ডিসেম্বর শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ স্বাক্ষরিত বদলি আদেশ জারি করা হয়। মোসলেম উদ্দিনের স্থলাভিষিক্ত করা হয়েছে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদকে।

জানা গেছে, একাডেমিতে ইন্সট্রাক্টর পদ মূলত প্রশিক্ষণ বিভাগের অধীনে নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য সৃষ্ট। সংগীত, নাট্যকলা, নৃত্যকলা ও চারুকলা বিষয়ে ইন্সট্রাক্টর রয়েছেন। তাদের কার্যক্রম শিল্পকলা একাডেমি, ঢাকা কেন্দ্রিক। প্রশিক্ষণ বিভাগের আয়োজনে বিভিন্ন জেলায় গিয়ে ইন্সট্রাকটররা উচ্চতর বা বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকেন।

কিন্তু ‘ক্ষমতার দাপটে’ মোসলেম উদ্দিন ২০০৫ সালে ইন্সট্রাক্টর পদে ঢাকায় যোগদান করলেও চাকরি জীবনের ১৯ বছরের মধ্যে ১৬ বছরের বেশি সময় ছিলেন চট্টগ্রামে। কালচারাল অফিসার না হয়েও পদটি আঁকড়ে ছিলেন। এরপর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

উল্লেখ্য—যোগসাজশে সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, কলাকুশলী, বিচারক ও উৎসব সমন্বয়কারীর সম্মানী না দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এই মোসলেম উদ্দিনের বিরুদ্ধে।

এছাড়া যাতায়াত ভাড়া না দেওয়া, সাজসজ্জা, প্রচারণা, প্রশিক্ষণ, কর্মশালাসহ জেলা শিল্পকলা মিলনায়তনের সাউন্ড, ইলেকট্রিক ও ভবন সংস্কারসহ বিভিন্ন খাত থেকে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আছে এই কালচারাল অফিসারের বিরুদ্ধে।

অনিয়ম-দুর্নীতি ও বদলির বিষয়ে জানার জন্য চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তার বক্তব্য মেলেনি।

সূত্র—সিভি/এসএস/ফোরকান

0Shares

আরো সংবাদ