চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন কাটাছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র,গুলি ও মাদকসহ দুজনকে আটক করেছে র্যাব-৭।
গতকাল রবিবার (৩১ অক্টোবর) সকাল পৌণে ১১টার সময় অভিযানটি পরিচালিত হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশী রিভলবার, ১টি ওয়ানশুটারগান, ১ টি এয়ারগান, ২শ ১ রাউন্ড গুলি, মাদক এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মিরসরাই জোরারগঞ্জ থানা পশ্চিম কাটাছরা এলাকার মৃত হাজী সফি উল্লাহর ছেলে মো. নুরুল্লাহ (৪৫) ও তার ছেলে মো. নাইমুল ইসলাম প্রকাশ শুভ (২১)।
আজ সোমবার (১ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব এর সিনি. সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল।
গোপন সূত্রে বর্ণিত স্থানে অস্ত্র বিকিকিনির খবর পেয়ে অভিযান পরিচালনা করে র্যাব-৭ এর বিশেষ একটি টিম। এসময় বিপুল অস্ত্র-গুল ও মাদকসহ দুজনকে হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব এর এ কর্মকর্তা।