রাঙ্গুনিয়ায় নির্বাচন ঘিরে অস্ত্রের মহড়া : ধরা পড়ল দুই শীর্ষ সন্ত্রাসী


২৬ নভেম্বর, ২০২১ ১০:৪৯ : পূর্বাহ্ণ
রাঙ্গুনিয়ায়,অস্ত্রের মহড়া,শীর্ষ সন্ত্রাসী

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৯টায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আবিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ স্থানীয়‌দের সহায়তায় এ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হত্যা চাঁদাবা‌জি ও ডাকা‌তিসহ ডজন খা‌নেক মামলার আসামি আলমগীর সিকদার (৪০) ও তার ভাই সন্ত্রাসী জাহাঙ্গীর সিকদার (৪৪)।

স্থানীয় সুত্রে জানা যায়, আলমগীর ও জাহাঙ্গী‌রের আরেক ভাই পলাতক আসামি আবদুস সালাম সিকদার ও তার স্ত্রী ইউপি নির্বাচ‌নে মেম্বার প‌দে প্রতিদ্বন্ধীতা কর‌ছেন।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আবিদপাড়া এলাকায় ইউপি নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর লক্ষ্যে অস্ত্রসহ টহল দিচ্ছিল তারা।

পরে এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে তাদের ঘিরে রাখে এবং পুলিশকে খবর দেন। এক পর্যায়ে স্থানীয়দের সাথেও সন্ত্রাসীদের সংঘর্ষ হয়।

খবর পেয়ে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ও রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

এসময় পুলিশের সাথেও তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময় শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় আরো বেশ কয়েকজন সন্ত্রাসী পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানায় রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী।

এস এস/

0Shares

আরো সংবাদ