মাদক মামলা তিন আসামির কারাদণ্ড


১২ জানুয়ারি, ২০২২ ৯:৩৬ : অপরাহ্ণ
মাদক মামলা,আসামি,কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দায়েরকৃত মামলায় তিন আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (১২ জানুয়ারি ) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। বর্তমানে সাজাপ্রাপ্ত তিন আসামি পলাতক।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি থানা চমকখোলা এলাকার বাসিন্দা মো.কুদ্দুস মিয়ার ছেলে মো.কাউসার (৩০), কক্সবাজার জেলার টেকনাফ হৃীলা এলাকার বাসিন্দা হাজী আবু সামার ছেলে মিজানুর রহমান (৩০) ও একই এলাকার নবী হোসেন বাড়ির সুলতান আহমেদের ছেলে মো.গিয়াস উদ্দীন (২৫)।

মাদক মামলায় তিনজনের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ। তিনি বলেন, কক্সবাজারের বাসিন্দা মিজানুর রহমান ও গিয়াস উদ্দিনকে ৮ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই মামলায় গ্রেফতার অপর আসামি কুমিল্লার বাসিন্দা মো.কাউসারকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ মে চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকার রেয়াজউদ্দীন বাজাস্থ ঢাকা আবাসিক হোটেলের সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতারের পর তিনজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর কোতোয়ালী সার্কেলের এসআই শাকিলা রহমান।

গত বছরের ২১ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করা হয়। এপর্যন্ত মোট ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ তিনজনের বিরুদ্ধে রায় প্রদান করেন।

এস এস/

0Shares

আরো সংবাদ