ভুয়া রোগীর লিফলেট ছাপিয়ে তহবিল সংগ্রহ, দৌড়ে পালাল প্রতারক


১০ মার্চ, ২০২০ ৪:৪০ : অপরাহ্ণ

চট্টগ্রাম একই পরিবারের ৩টি মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ছবি, মোবাইল নাম্বারসহ এক রঙা লিফলেট ছাপিয়ে চিকিৎসার জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে তহবিল সংগ্রহ করছে দুই যুবক। নগরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাষকের সন্দেহ হলে ফোন দেন ছাপানো নাম্বারে। তারপর একজন পড়িমরি করে স্যান্ডেল ফেলে দৌড়ে পালালেও আটক করা হয় একজনকে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে অভিনব এ প্রতারক চক্রকে হাতেনাতে ধরে ফেলা হয় কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজারের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটস ক্যম্পাসে।

ইনস্টিটিউটের প্রভাষক অনুপম দেবনাথ পাভেল সাংবাদিকদের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, মানবতার নামে থ্যালাসেমিয়া রুগীর চিকিৎসার জন্য টাকা সংগ্রহ করতে লিফলেট ছাপিয়ে বিভিন্ন স্কুল কলেজে টাকা সংগ্রহ করছিলো দুই যুবক। আজ এসেছিল আমাদের প্রতিষ্ঠানে। এসেই তারা সরাসরি অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাইলো। স্যার না থাকায় অফিস সহকারী তাদের আমার কাছে নিয়ে আসেন।

আমিও মানবিক কাজে তারা সময় দিচ্ছে জেনে ধন্যবাদ জানিয়ে কাছে ডাকে জানতে চাইলাম কী সহযোগিতা করতে পারি। সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন স্কুল-কলেজের অফিসের সিল দেওয়া কিছু প্রত্যয়নপত্র দেখালো। যেখানে ছিলো তারা ওইসব স্কুল কলেজ থেকে কত টাকা তুলেছে আর স্কুল কলেজ কর্তৃপক্ষ তাদের টাকা সংগ্রহ করার সম্মতি দিয়েছে এসব।

তাদের কাছে থাকা অসুস্থ মেয়েদের ছবি দেওয়া লিফলেটে ছাপানো ফোন নম্বরে কল দিতে চাইলে তারা অনাগ্রহ দেখায়।সন্দেহের উদয় হলো মনে।তারা নানা কথা বলছে কল না দেওয়ার পক্ষে।আমি বললাম যাদের জন্যে টাকা সংগ্রহ করছো তাদের পরিবারের সঙ্গে একটু কথা বলি, তাদের এখন কী অবস্থা জানি। এই বলে কল করেই দিলাম।

ওপারে কল রিসিভড করে এই ব্যপারে তারা কিছুই জানে না এবং তাদের পরিবারে কেউ অসুস্থ নয় বলে জানালো। মুহূর্তেই দুই যুবকের চেহারা পাল্টে গেলো। মো. আরিফ নামের একজন দৌড় দিয়ে পালালো স্যান্ডেল ফেলেই।আরেকজনকে কোতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এক যুবককে আটক করে আনা হয়েছে। তার নাম হাফেজ মো. আরমান। প্রতারণার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সকালের-সময় ডট কম

0Shares

আরো সংবাদ