নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে বাস ভাড়া নিয়ে বিতর্কের জেরে মধ্য বয়সী এক যাত্রীকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে নগরীর লালখান বাজার এলাকায় ১০ নম্বর রুটের একটি বাস থেকে তাকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় ওই বাসের চালক ও হেলপারকে আটক করেছে নগরীর কোতোয়ালী থানা পুলিশ।
জানা যায়, নগরীর বহদ্দারহাট থেকে ছেড়ে আসা সিবিচগামী ১০ নম্বর (চট্ট মেট্রো জ-১১-১৮৭২) বাসে উঠেন ৫১ বছর বয়সী বাস যাত্রী আব্দুল হামিদ।
তিনি নগরীর ওয়াসার মোড় থেকে ওই গাড়িতে উঠেন। লালখান বাজার এসে ৫ টাকা ভাড়া দিয়ে তিনি গাড়ি থেকে নামতে গেলে হেলপারের সাথে ভাড়া নিয়ে তর্ক শুরু হয়। হেলপার উঠা নামা হিসেবে আট টাকা ভাড়া দাবী করেন।
এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে চালক ও হেলপার মিলে যাত্রী হামিদকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন। এতে হামিদ আহত হন। পরে স্থানীয় পথচারীরা হামিদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
এ ঘটনায় মৌখিক অভিযোগ পেয়ে ওই বাসের চালক মো. আশরাফ (১৮) ও হেলপার মো. হানিফকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন। তিনি বলেন ভাড়া নিয়ে বিতর্কের জেরে এক যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে ওই বাসের চালক-হেলপারকে আটক করা হয়েছে।
বাসটি জব্দ করা হয়েছে এবং বাস থেকে নিচে পড়ে যাওয়া আহত বাস যাত্রী হামিদ মামলা করলে আটক দুজনকে গ্রেফতার দেখানো হবে বললেন ওসি।
এস এস/