খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে চট্টগ্রাম শহরে। বিশেষ করে গির্জাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় বসানো হয়েছে বড়দিন উপলক্ষে পুলিশের চেকপোস্ট।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল থেকে নগরের জামালখান, পাথরঘাটা, গণিবেকারি মোড়, বাকলিয়া এলাকাসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
এ বিষয়ে সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, বড়দিন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জামালখান, পাথরঘাটা, গণিবেকারি মোড়, বাকলিয়া এলাকাসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে এবং যাদের সন্দেহ লাগছে তাদের তল্লাশি করা হচ্ছে।
তিনি আরো বলেন, জামালখান, পাথরঘাটাসহ নগরের বিভিন্ন গির্জাগুলোর সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় র্যাবের টহলও জোরদার করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান।
তিনি বলেন, চট্টগ্রাম নগরে র্যাবের আটটি টহল টিম কাজ করে যাচ্ছে। যাতে কোন ধরণের অঘটন না ঘটে সে ব্যাপারে র্যাব সর্তক অবস্থানে আছে। আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন উদযাপন হবে।
সকালের-সময়/এম এফ