মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশজুড়ে চলছে লকডাউন। সরকারের পক্ষ থেকে ঘোষিত সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। তার মাঝে কাজ না থাকায় খাবার সংকটে পড়েছে হতদরিদ্র ও নিম্নবিত্ত মানুষেরা। এমন প্রেক্ষাপটে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আমরিন এন্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী মো. মনছুর আলম পাপ্পী এলাকার দুস্থ ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

গত রবিবার সকাল থেকেই আমরিন এন্ড ব্রাদার্স ও মাওয়া গ্রুপ নামে দুই প্রতিষ্ঠানের উদ্যোগে করোনা সংকটময় পরিস্থিতির শিকার এমন কর্মহীন, গৃহবন্দী, দুঃস্থ ও নিম্ন আয়ের ১ হাজার পরিবারের মাঝে রমজানের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক জাহাঙ্গীর আলম পারভেজ, মাওয়া গ্রুপের চেয়ারম্যান আলম ববিসহ আরও অনেকে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ও আমরিন এন্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী মনছুর আলম পাপ্পী সকালের-সময়কে বলেন, দেশের সকল দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরের মতই ভূমিকা রেখেছে। করোনা সংকটের শুরু থেকেই আমরা একেবারে তৃণমূল পর্যায়ের প্রান্তিক মানুষদের সচেতন করার পাশাপাশি তাদের ত্রাণ দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গণমানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। দেশের করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে আমাদের অভিভাবক চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ এর আহ্বানে সাড়া দিয়ে আমি আমার সাধ্য অনুয়ায়ী খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছি। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে (ইনশাল্লাহ)।
সকালের-সময়/এমএফ