নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে বসতবাড়ির সীমানা নিয়ে মারামারিতে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
আজ রবিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূষি ঈশান মহাজনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, অংকন দাশ (১৮), লিংকন দাশ (২৪), চন্দন দাশ (৫৮), সুজন দাশ (২৯), জয়ন্তী দাশ (৪০), রূপনা দাশ (৫৫), সুশীল দাশ (৫০), এ্যানি দাশ (২২) ও নয়ন দাশ (৩০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মারামারিতে আহত ৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এর মধ্যে চন্দন দাশের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন কর্তব্যরত চিকিৎসক।
মারামারিতে আহত নয়ন দাশ জানান, প্রতিপক্ষের হামলায় আহত রূপনা দাশের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হামিদুল মান্নান বলেন, বসতবাড়ি সীমানা নিয়ে দুই প্রতিবেশি পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, দুই পক্ষই পাল্টাপাল্টি এজাহার দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এস/