চট্টগ্রামের বায়েজিদ লিংক রোড দিয়ে বাবার মোটরসাইকেলে করে কলেজে যাওয়ার পথে বিএসআরএমের কাভার্ডভ্যানের চাপায় ফাতেহা জাহান জেবা (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। চোখের সামনে মেয়ের মৃত্যু দেখে বেশ কয়েকবার সড়কে চলাচলরত গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেছেন ওই কলেজছাত্রীর বাবা।
আজ শনিবার (২৩ জুলাই) দুপুর দেড়টায় ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফাতেহা জাহান উপজেলার সলিমপুর এলাকার মো. ফারুকের মেয়ে। তিনি এনায়েত বাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করে সলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই পার্থ সারথী জানান, মোটরসাইকেলে করে মেয়েকে কলেজে পৌঁছে দিতে বায়েজিদ লিংক রোড ধরে যাচ্ছিলেন বাবা। পেছন থেকে দ্রুতগামী আসা বিএসআরএম কোম্পানির একটি লরি মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ওই কলেজছাত্রী।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে। চালক কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে।
এসএস