নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন টেক্সটাইল গেট এলাকার একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল পৌনে আটটার দিকে টেক্সটাইল গেট মোড়ের পশ্চিম পাশের আনোয়ারা গার্মেন্টসে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি গাড়ি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রাখে।
প্রায় দু ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য দেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন।
তিনি জানান, বায়েজিদ টেক্সটাইল গেইট এলাকার আনোয়ারা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লাগার খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশন ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ১১টি গাড়ি ঘটনাস্থলে পৌছে।
প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষনিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও এ ঘটনায় কোন হতাহতের খবর নেই বলে তিনি জানান।
এস এস/