বাকলিয়ায় রোহিত হত্যা মামলার দুই আসামী গ্রেফতার


১৮ জানুয়ারি, ২০২১ ৭:৩৮ : অপরাহ্ণ

বাকলিয়ায় পূর্ব পরিকল্পিতভাবে মো. আশিকুর রহমান রোহিতকে (২০) খুন করে বেশভূষা পাল্টে নিজেদের নিরাপদ মনে করলেও শেষ রক্ষা হলো না খুনিদের। দশদিন পর পুলিশের হাতে গ্রেফতার হন ঘটনায় জড়িত দুই আসামি। সেই সাথে বেরিয়ে এসেছে ঘটনার মূল রহস্য। ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তারের পর সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব বিষয় জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

এর আগে, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কদমতলী ও রাজধানী ঢাকা থেকে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মো. মহিউদ্দিন (২৯) ও সাইফুল ইসলাম বাবুকে (২০) গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশের একটি টিম।

পুলিশের চোখ ফাঁকি দিতে ঘটনার মহিউদ্দিন তার মুখের দাঁড়ি ফেলে দেন। আরেক আসামি সাইফুল ইসলাম বাবু তার বেশভূষা পরিবর্তন করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে ঢাকায় বসে প্রস্তুতি নিচ্ছিলেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন উপ-কমিশনার এস এম মেহেদী হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিত ডিসি রোডের মা মনি ক্লাবের সদস্য। ঘটনার দিন মোটরসাইকেল থেকে নামিয়ে সাহাবুুদ্দিন প্রকাশ সাবু নামের একজন ও গ্রেপ্তার সাইফুল ইসলাম বাবু ছুরিকাঘাত করেন। এসময় গ্রেপ্তার আরেক আসামি মহিউদ্দিন রোহিতকে ধরে রাখেন। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস এম মেহেদী হাসান আরও বলেন, এ ঘটনার সাথে সিটি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত। ঘটনার আরও বিষদ বিবরণ জানতে আমরা গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদে আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করবো। আর কে কে এ ঘটনায় জড়িত আছে আশা করি তাদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসবে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বিকেলে আশিকুর রহমান রোহিতকে ছুরিকাঘাত করা হয়। ১৫ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঘটনায় জড়িত দুই আসামির মধ্যে সাইফুল ইসলাম বাবু ভোলা জেলার লালমোহন এলাকার খায়রুল ইসলামের ছেলে। মহিউদ্দিন নামের অপরজন নগরীর ডিসি রোডের আলি করিমের ছেলে।

এসএস

0Shares

আরো সংবাদ